Header Ads Widget

ইরানে পারমাণবিক হামলার গোপন পরিকল্পনা, ফাঁস করতেই কূটনীতিকের পদত্যাগ

ইরানে সম্ভাব্য পারমাণবিক হামলার আশঙ্কা প্রকাশ করতে এবার পদত্যাগ করেছেন জাতিসংঘ-সংশ্লিষ্ট এক কূটনীতিক। মোহাম্মদ সাফা নামের ওই ব্যক্তি জানিয়েছেন, ‘সম্ভাব্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা’ ফাঁস করতেই তিনি নিজের পেশাগত জীবনের মায়া ত্যাগ করেছেন।


সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ সাফা দীর্ঘদিন ধরে জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের (পিভিএ) প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন এক পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা এখন আর উড়িয়ে দেয়া যাচ্ছে না।



মোহাম্মদ সাফা আরও অভিযোগ করেন, কিছু প্রভাবশালী মহল বৈশ্বিক নীতিনির্ধারণে এমনভাবে প্রভাব বিস্তার করছে, যা সংঘাতকে আরও উসকে দিতে পারে। তিনি বলেন, ‘আমি মানবতার বিরুদ্ধে সম্ভাব্য গুরুত্বর অপরাধের অংশ বা নীরব সাক্ষী হতে চাই না, তাই এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’



তবে এই দাবিগুলো এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। তবে বিষয়টি এখনো ব্যক্তিগত অভিযোগের পর্যায়েই রয়েছে এবং স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।